আব্দুল্লাহ আল মারুফ।
চট্টগ্রামের সাতকানিয়ায় রেলক্রসিং পার হওয়ার সময় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনার পর নিরাপদ রেলক্রসিং ও গেটম্যানের দাবিতে একটি ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন— কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইংগের পাড়ার আহমদ হোসেনের ছেলে আবু তাহের (৫৫) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুহুরি পাড়ার মৃত সাহাব উদ্দীনের ছেলে আব্দুস শুক্কুর (৪৫)। নিহত আব্দুস শুক্কুর নিজেই অটোরিকশাটি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাটগর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়েন এবং নিরাপদ রেল পারাপারের দাবিতে ঘটনাস্থলে একটি ট্রেন আটকে রাখেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দী বলেন, “রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়দের দাবির বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।”


মন্তব্য