মো: সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি >>> পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাজারফান্ডভুক্ত জমির লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীতকরণ, দীর্ঘদিন বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু, ৬১ জেলার ন্যায় ভূমি ব্যবস্থাপনা কার্যকর করা এবং তথাকথিত রাজার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনটির নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। এ সময় জেলা নাগরিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহজালাল। এছাড়া জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবালসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবানসহ পার্বত্য তিন জেলায় দ্রুত ভূমি ব্যবস্থাপনা চালু করা, বাজারফান্ড জমির লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা এবং রাজার সনদ অবিলম্বে বাতিল করা অত্যন্ত জরুরি। অন্যথায় নাগরিক পরিষদ শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। প্রয়োজনে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিও নেওয়া হতে পারে।





মন্তব্য