আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। দেশের বিদ্যুৎ খাতের বকেয়া পাওনা পরিশোধে বড় ধরনের অর্থ ছাড় করেছে সরকার। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (আইপিপি ও রেন্টাল) মার্চ মাসের বিল মেটাতে ২ হাজার ৬৭ কোটি ৫ লাখ টাকা ভর্তুকি দেওয়ার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত ২১ এপ্রিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই অর্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অনুকূলে ছাড় করা হবে। মূলত চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের বিদ্যুৎ খাতের জন্য বরাদ্দকৃত ভর্তুকি অংশ থেকে এই পাওনা মেটানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮৫টি স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) এবং ৯টি ভাড়াভিত্তিক (আরপিপি) বিদ্যুৎকেন্দ্রের মার্চ মাসের প্রকৃত ঘাটতির ওপর ভিত্তি করে এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিদ্যুৎ খাতের যাবতীয় প্রকৃত ঘাটতি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার।
অর্থ ছাড়ের ক্ষেত্রে কঠোর শর্তাবলি
পাওনা পরিশোধের অনুমোদন দিলেও অর্থ বিভাগ বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে: সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন নেই এমন দুটি বিদ্যুৎকেন্দ্র এই অর্থ থেকে কোনো ভাগ পাবে না।
ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিপরীতে কোনো অর্থ এই ভর্তুকি খাত থেকে ব্যবহার করা যাবে না। যেসব কেন্দ্রের অনুমোদন এখনো প্রক্রিয়াধীন, সেগুলোকে দ্রুত যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন ট্যারিফ অনুযায়ী অনুমোদিত ৬টি বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে আগের ভর্তুকির সঙ্গে বর্তমান পাওনার প্রকৃত সমন্বয় করার তাগিদ দিয়েছে অর্থ বিভাগ।
নতুন কেন্দ্র ও স্বচ্ছতা নিশ্চিতে পদক্ষেপ
নির্দেশনায় আরও জানানো হয়, নতুন যুক্ত হওয়া দুটি বিদ্যুৎকেন্দ্র-বিআর পাওয়ার জেন শ্রীপুর (১৬০ মেগাওয়াট) এবং আরপিসিএল–নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ খাতে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে অর্থ বিভাগ কড়া হুঁশিয়ারি দিয়েছে। বলা হয়েছে, এই বরাদ্দ কেবল নির্ধারিত কেন্দ্রগুলোর বিল পরিশোধেই ব্যবহারযোগ্য। ভবিষ্যতে নিরীক্ষার (অডিট) মাধ্যমে প্রকৃত দায়ের সঙ্গে এই ভর্তুকির সমন্বয় করা হবে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে মাসভিত্তিক ঘাটতির বিস্তারিত তথ্য অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছে।


মন্তব্য