মোঃ আরাফাত তালুকদার, জেলা প্রতিনিধি,পটুয়াখালী >>> পটুয়াখালীবাসীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিমন্ত্রী নুরুল হক নূর। একইসঙ্গে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ্রুত ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগের কথা জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল হাসপাতালটিতে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “একটি দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই তিনটি খাতে সফল হওয়া জরুরি। সরকারের মূল লক্ষ্যই হলো ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ নিশ্চিত করা। বিভাগ থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি।”চিকিৎসা সেবা আরও সহজ ও আধুনিক করতে সরকার দ্রুত ই-হেলথ কার্ড চালু করতে যাচ্ছে বলে জানান তিনি। এর ফলে সাধারণ মানুষ ডিজিটাল পদ্ধতিতে দ্রুত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।হাসপাতালের বর্তমান চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালটি বর্তমানে ২৫০ শয্যার হলেও প্রতিদিন এখানে ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি থাকেন। জায়গার অভাবে অনেক রোগীকে করিডোর বা মেঝেতে থেকে চিকিৎসা নিতে হয়। সাধারণ মানুষের এই ভোগান্তি কমাতে হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ ৫০০ শয্যার হাসপাতালে রূপান্তর করার দ্রুত উদ্যোগ নেওয়া হবে।দেশের হাসপাতাল গুলোতে চিকিৎসক ও জনবল সংকটের কথা স্বীকার করে তিনি আশ্বস্ত করেন যে, খুব শিগগিরই এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।পরিদর্শন কালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা (রুপা), পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েলরানা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


মন্তব্য