সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলায়, একই রাতে দুটি আলাদা স্থানে খড়ের পালায় আগুন ধরে যাওয়ার ঘটনা এলাকায় তীব্র আতঙ্ক এবং ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে তানোর পৌরসভার সিন্দুকাই গ্রামে মোঃ তাবির খড়ের পালায় হঠাৎ আগুন লাগে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রায় ৭ বিঘা জমির খড়ের পালায আগুন দিয়ে পালিয়ে যায়, ফলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। কিছুক্ষণ পর, একই গ্রামের মোঃ মোস্তফা হোসেনের খড়ের পালাতেও আরেকটি অগ্নিকাণ্ড ঘটে, যা প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষতি করে।খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হয়, এবং প্রায় ২৫ মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টারও বেশি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রাও দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর প্রচেষ্টা চালান। সৌভাগ্যবশত, এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি ঘটেনি, তবে এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক রয়েছে। স্থানীয়রা দাবি করছেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।


মন্তব্য