আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আগুন জ্বালিয়ে ও স্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে একদল মুখোশধারী ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার কেরানীহাট সংলগ্ন টাইগার জালিয়া সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে মুখোশ পরা একদল লোক মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। স্থানীয়দের দাবি, বিক্ষোভকারীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী হতে পারে। তবে সবার মুখে মুখোশ থাকায় তাৎক্ষণিকভাবে কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী মিঠাদিঘী এলাকার এস আলম পরিবহনের চালক মনজুরুল ইসলাম জানান, গভীর রাতে হঠাৎ করে মুখোশ পরা একদল যুবক সড়কে এসে আগুন ধরিয়ে দেয় এবং ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’—এমন স্লোগান দিতে থাকে। এতে মহাসড়কে সাময়িক আতঙ্ক ও যান চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিক্ষোভকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে,স্লোগান দিতে শোনা যায়। এছাড়া ভিডিওতে নদভী ভাইয়ের ঘোষণা, গাড়ির চাকা চলবে না এবং ‘কুতুব ভাইয়ের ঘোষণা, গাড়ির চাকা চলবে না-এমন স্লোগানও শোনা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ছিদ্দিকী বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। আমি বর্তমানে দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে কথা বলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।





মন্তব্য