আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে গোসল করতে গিয়ে একই পরিবারের ২শিশুর হৃদয়বিদারক ও মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব হাজীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকার মানুষ শোকে বিহ্বল হয়ে পড়েছে। একই পরিবারের দুই ভাইয়ের একমাত্র করে ছেলে সন্তানকে হারানোর বেদনার বুকফাটা আর্তনাদ আর কান্নার আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহতরা হলেন ওই গ্রামের খাদিমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০) ও তার ছোট ভাই মৃত্যু শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৭)। স্থানীয়রা জানায়,খাদিমুল ইসলাম স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। তার ২মেয়ে ও ১ ছেলে সোহাগ জলঢাকা উপজেলার হরিশ্চন্দ্র পাঠ গ্রামের বাসিন্দা নানা ছমির উদ্দিনের বাড়িতে থাকেন। এর আগের দিন বৃহস্পতিবার তারা নানার বাড়ি থেকে বাবা খাদিমুলের বাড়িতে আসেন। শুক্রবার (২২আগস্ট) সকালে সোহাগ বাবু তার চাচাতো ভাই সায়েম বাবুর সাথে বাড়ির পার্শ্ববর্তী ডালিয়া-তিস্তা প্রধান সেচ ক্যানেলে গোসল করতে যায়। এসময় তারা গোসলে নেমে গভীর পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সেখানে তাদের পানির উপরে ভেসে উঠা সলিল সমাধি দেখতে পায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এমন হৃদয়বিদারক মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে সেখানে ছুটে যান। কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সরোওয়ার্দী গ্রেনেট বাবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য