আব্দুল্লাহ আল মারুফ। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের হাত ধরে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী।
শনিবার (২ মে) সন্ধ্যায় সাতকানিয়া রিসোর্ট কমিউনিটি সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী দলে (বিএনপি) অন্তর্ভুক্ত হন।
ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সাতকানিয়া ও চন্দনাইশ নির্বাচনী এলাকার ছয়টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এই যোগদান অনুষ্ঠানে অংশ নেন। এক পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশাল জনসভায় রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন,
আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করতে হবে। আমরা অপরাজনীতি করব না এবং কাউকে তা করতেও দেব না। আজ থেকে আমাদের সবার একটাই পরিচয়-আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। মানুষের কল্যাণে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও যোগ করেন,আপনারা যারা আজ বিএনপির পতাকাতলে এসেছেন,আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি, দলের পক্ষ থেকে আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে। আমার অনুরোধ থাকবে, আপনারা যাঁর যাঁর অবস্থান থেকে গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়াবেন। আমরা এই আসনটিকে একটি মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে এলডিপি ছেড়ে আসা নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের শপথ গ্রহণ করেন। প্রধান অতিথি আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
যোগদানকৃত নেতাকর্মীদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের অধিকার আদায়ে বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য