নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা দারুল আকসা নূরানী তালিমুল-কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হুমায়ুন কবিরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এবং অপর পরিচালক মাওলানা মামুনুর রশিদের ওপর হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হুমায়ুন কবিরের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি মাদ্রাসার পাঁচতলা ভবন নির্মাণের জন্য প্রাপ্ত প্রায় তিন কোটি টাকার অনুদানের হিসাব না দেওয়া, নির্মাণসামগ্রী বিক্রি, ব্যক্তিগত কাজে ব্যবহার এবং ব্যক্তিগতভাবে ব্যয় করা প্রায় ১০ লাখ টাকা ফেরত না দেওয়ার অভিযোগ তুলে একটি মহল ভিত্তিহীন মানববন্ধন করেছে।’ তিনি দাবি করেন, এই অভিযোগগুলোর বিন্দুমাত্র সত্যতা নেই। এ সময় মাওলানা আব্দুল করিমের নিজের স্বাক্ষরিত মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাবও উপস্থিত সবার সামনে উপস্থাপন করা হয় এবং আনা অভিযোগ প্রমাণিত হলে দ্বিগুণ অর্থ পরিশোধের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়।অন্যদিকে, মাদ্রাসার অপর পরিচালক মাওলানা মামুনুর রশিদ তাঁর ওপর হামলার অভিযোগ করে বলেন, ‘আগামী বৃহস্পতিবার মাদ্রাসার একটি গুরুত্বপূর্ণ সভা নির্ধারিত রয়েছে। ওই সভা বানচাল করার অসৎ উদ্দেশ্যে মাওলানা আব্দুল করিমের নেতৃত্বে একটি পক্ষ কথিত মানববন্ধনের নামে মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এবং তালা ঝোলাতে উদ্যত হয়। এতে বাধা দেওয়ায় তারা আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং আমার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে।সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালকের বিরুদ্ধে চলা অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং মাওলানা মামুনুর রশিদের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।এদিকে এলাকার সচেতন মহলের অভিমত, একটি দ্বীনি ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এ ধরনের বিরোধ বা দলাদলি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই সব পক্ষের উচিত পারস্পরিক আলোচনার মাধ্যমে উদ্ভূত সংকটের সুরাহা করা, যাতে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত না হয়।





মন্তব্য