আব্দুল্লাহ আল মারুফ (চট্টগ্রাম):
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)” শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ পরিচালিত হয়।বুধবার (১৭ সেপ্টেম্বর) সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব দাশ পুরকায়স্থ। উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারাদেশের ৫৭ জেলার ১৫০টি উপজেলায় ১০ ধরনের প্রান্তিক পেশার মোট ১২ হাজার পেশাজীবীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে সাতকানিয়া উপজেলায় প্রথম ব্যাচে ৩০ জন প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়ের আধুনিক উন্নয়ন ঘটানোর জন্যই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণের নির্ধারিত ভাতার পাশাপাশি প্রান্তিক পেশাজীবীদের মধ্য থেকে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহিত করতে প্রশিক্ষণ শেষে ব্যাংক হিসাবের মাধ্যমে প্রত্যেককে এককালীন ১৮ হাজার টাকা অনুদান প্রদান করা হচ্ছে। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে এককালীন অনুদানের ডামি চেক এবং সফলভাবে কোর্স সম্পন্ন করার সনদপত্র তুলে দেওয়া হয়।


মন্তব্য