আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁগুলোতে নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কঠোর জরিমানার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত বাবুর্চি ও কর্মীদের জন্য স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা (হাইজিন) প্রশিক্ষণ চালুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
দীর্ঘমেয়াদী পরিবর্তন: কেবল জরিমানা বা শাস্তির ওপর নির্ভর না করে রেস্তোরাঁ মালিক ও কর্মীদের মধ্যে দায়িত্ববোধ তৈরির মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে চায় প্রশাসন।
সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান: হোটেল মালিকদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি শনিবার রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। আগামী শনিবার এ উপলক্ষে একটি র্যালিরও আয়োজন করা হয়েছে।
বিশেষ প্রশিক্ষণ: রেস্তোরাঁ মালিকদের অনুরোধে বাবুর্চি ও কর্মচারীদের জন্য স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর জন্য সংশ্লিষ্ট কর্মীদের তালিকা চেয়েছে জেলা প্রশাসন।
গ্রেড অবনমন: নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হলে রেস্তোরাঁগুলোর লাইসেন্সের গ্রেড কমিয়ে দেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, ভেজাল ও অনিরাপদ খাবার জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। দেশের অর্থনৈতিক সুরক্ষার স্বার্থেও নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং একটি মানবিক ও সচেতন সমাজ গড়ে তুলতে প্রশাসন, মালিক ও কর্মীসহ সকলের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।


মন্তব্য