ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা এবং ভাষা শিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ঝাং ইয়ানমেইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করার বিষয়ে একমত পোষণ করেন।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, শিক্ষা ও গবেষণার পাশাপাশি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন। উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন নামী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ ডিগ্রি কর্মসূচিসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও তাদের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
দক্ষ মানবসম্পদ গঠনে ভাষা শিক্ষার গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার পাশাপাশি কোরিয়ান, জাপানি ও জার্মানসহ বিভিন্ন ভাষা শেখানো হচ্ছে। বিশেষ করে চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ওপর তিনি গুরুত্ব দেন। জবাবে ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ঝাং ইয়ানমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, তাদের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, বার্মিজ এবং বাংলা ভাষা বিষয়ে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে বাংলা ভাষা শিক্ষা কার্যক্রমটি সম্প্রতি শুরু হয়েছে এবং চলতি বছর সেখানে ১৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণার পাশাপাশি কৃষি, প্রকৌশল, ডিজিটাল প্রযুক্তি, শিল্পকলা ও অন্যান্য আন্তঃবিষয়ক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ একাডেমিক ও গবেষণা সহযোগিতা এবং যৌথ ডিগ্রি কর্মসূচি চালুর মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত হয়।
সূত্র: মানবজমিন


মন্তব্য