আব্দুল্লাহ আল মারুফ। কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি গুরুতর অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।ঘটনার পর থেকে অভিযুক্ত কামাল উদ্দিন (৫৬) পলাতক রয়েছেন। তিনি স্থানীয় মৃত নুরুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। অভিযোগ উঠেছে, এ সময় প্রতিবেশী কামাল উদ্দিন কৌশলে শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল মোমেন জানান,শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তার সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ ঘটনায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সত্য। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে।পুলিশের পক্ষ থেকে অপরাধীকে খুঁজে পেতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


মন্তব্য