আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) পর্দা উঠতে যাচ্ছে টেপবল বিপিএলের দ্বিতীয় আসরের। এই টুর্নামেন্টকে সামনে রেখে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে দিনাজপুর ভিত্তিক দল ‘হিরোস অফ এইচএসকে’ (HSK) তাদের নতুন জার্সি উন্মোচন ও স্পনসর অ্যাপ্রিসিয়েশন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের তারকা ব্যক্তিত্ব, জাতীয় দলের খেলোয়াড়সহ দলের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সৌম্য সরকার ও এনামুল হক বিজয় এবং জাতীয় ফুটবল দলের তারকা ফয়সাল আহমেদ ফাহিম, রহমত মিয়া ও সোহেল রানা জুনিয়র অংশ নেন। এছাড়া টেপবল ক্রিকেট বোর্ডের সভাপতিসহ দেশের শীর্ষস্থানীয় টেপবল ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। দলের স্বত্বাধিকারী আহসান হাবিব এবং সহ-স্বত্বাধিকারী মেহরাব হোসেন জসি সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা এ আয়োজনে অংশ নিয়ে টুর্নামেন্ট নিয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন।
দলের স্বত্বাধিকারী আহসান হাবিব ও মেহরাব হোসেন জসি আসন্ন টেপবল বিপিএলে নিজেদের দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা জানিয়েছেন, এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল গঠন করা হয়েছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি পেশাদারিত্ব ও দলীয় ব্যবস্থাপনার মাধ্যমে তারা টুর্নামেন্টে নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে বদ্ধপরিকর। জার্সি উন্মোচন ও স্পনসরদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়, যেখানে উপস্থিত অতিথিরা দলটির সার্বিক সাফল্য কামনা করেছেন। তাঁরা জানান, এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই একটি ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গঠন করা হয়েছে।
সূত্র: দৈনিক আমাদের সময়





মন্তব্য