আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম।
সরকারি নিষেধাজ্ঞা ও প্রচলিত ট্রাফিক আইন উপেক্ষা করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ ও সাতকানিয়া অংশে অবাধে চলাচল করছে তিন চাকার সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যান। ব্যস্ত এই মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা, অঘোষিত স্ট্যান্ড এবং চালকদের বেপরোয়া মনোভাবের কারণে প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিয়মিত ও কঠোর নজরদারির অভাবে মহাসড়কের শৃঙ্খলা ভেঙে পড়েছে।সরেজমিনে দেখা যায়, চন্দনাইশের দোহাজারী, গাছবাড়িয়া এবং সাতকানিয়ার কেরানীহাটসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সারিবদ্ধভাবে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী তোলা হচ্ছে। অনেক চালক দ্রুতগতির মহাসড়কের মাঝপথেই হঠাৎ গতি কমিয়ে বা ইউটার্ন নিয়ে যাত্রী তুলছেন। এতে পেছন থেকে আসা দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে।কেরানীহাট এলাকার ব্যবসায়ী আবু সামাদ বলেন, মহাসড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং এবং নিষিদ্ধ অটোরিকশার আধিক্যের কারণে তীব্র যানজট লেগেই থাকে। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে জনভোগান্তি ও দুর্ঘটনা আরও বাড়বে।স্থানীয় গণমাধ্যমকর্মী বেলাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন,তদারকির অভাবে মহাসড়কটি এখন অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে। চালকরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না। অভিযোগ রয়েছে, দায়িত্বশীলদের উদাসীনতা এবং অসাধু চক্রের যোগসাজশে এসব অবৈধ যানবাহন নির্বিঘ্নে চলাচলের সুযোগ পাচ্ছে। জনস্বার্থে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।সচেতন নাগরিকদের মতে, কোনো বড় দুর্ঘটনা ঘটলে প্রশাসনের পক্ষ থেকে দু-একদিন লোকদেখানো অভিযান চালানো হয়। কিন্তু ধারাবাহিক নজরদারি না থাকায় কয়েক দিন পরই পরিস্থিতি আবার আগের রূপ নেয়। ভারী ও দ্রুতগতির যানবাহনের সঙ্গে ধীরগতির তিন চাকার গাড়ির এই সহাবস্থান সড়ক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।সার্বিক বিষয়ে জানতে চাইলে কেরানীহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাজার এলাকাগুলোতে অবৈধ পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে আমাদের টিম সার্বক্ষণিক তৎপর রয়েছে। জনবল সীমাবদ্ধতা থাকলেও সড়কে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা করা হচ্ছে।অন্যদিকে, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, “মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে হাইওয়ে পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে। আমি যোগদানের পর থেকে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বেপরোয়া মোটরসাইকেলের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে এবং বেশ কিছু যানবাহন আটক ও ডাম্পিং করা হয়েছে। মহাসড়ক নিরাপদ রাখতে ও শৃঙ্খলা ফেরাতে আমাদের এই অভিযান আরও জোরদার করা হবে।





মন্তব্য