আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম।নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রাক্কালে চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে পাঠ্যবই বিতরণের জোর প্রস্তুতি। তবে এখনও সব শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি প্রয়োজনীয় বই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলার ১৫টি উপজেলায় চাহিদার প্রায় ৯০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এর মধ্যে সাতকানিয়ায় শতভাগ বই পৌঁছালেও সন্দ্বীপে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনও এসে পৌঁছায়নি। শিক্ষা বিভাগ আশা করছে, চলতি মাসের মধ্যেই বাকি বইগুলো হাতে পেয়ে যাবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামের ১৫টি উপজেলায় বই সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে। অধিকাংশ উপজেলায় প্রয়োজনীয় বইয়ের বড় অংশ পৌঁছে গেলেও কিছু অংশ এখনও সরবরাহের অপেক্ষায় রয়েছে। চলতি মাসের মধ্যে অবশিষ্ট বই হাতে পেলে উপজেলা পর্যায় থেকে দ্রুত তা বিভিন্ন বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে।
সাতকানিয়া উপজেলায় বই বিতরণের প্রস্তুতি বেশ সন্তোষজনক। এ বিষয়ে সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলাম বলেন,আমরা শতভাগ বই পেয়েছি। আমাদের উপজেলায় ১ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর কাছে বই বিতরণ করতে পারব।
অন্যদিকে, দ্বীপ উপজেলা সন্দ্বীপে এখনও সব শ্রেণির পাঠ্যবই পৌঁছায়নি। প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই আসলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের অপেক্ষায় রয়েছে উপজেলা শিক্ষা অফিস।
এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, শুরুতে আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই পেয়েছি। চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনও বাকি রয়েছে। আমাদের বিদ্যালয়গুলোতে তিন হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সবার হাতে বই পৌঁছে দিতে পারব বলে আশা করছি।
সার্বিক বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ বলেন, “আমরা এখন পর্যন্ত প্রায় ৯০ শতাংশ বই পেয়েছি, বাকি বইগুলো কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে। সব উপজেলায় বই পাঠানো হয়েছে, অবশিষ্ট বইগুলোও দ্রুত পৌঁছে দেওয়া হবে।
শিক্ষা সংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে বাকি বইগুলো পৌঁছে গেলে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা থাকবে না।





মন্তব্য