আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় ১ জনকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার সন্ধ্যায় সাতকানিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলার বিওসি মোড় এলাকায় অভিযানকালে গাঁজা সেবন করা অবস্থায় ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে এই সাজা প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাস পুরকায়স্থ। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ আনসার ও সাতকানিয়া থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাস পুরকায়স্থ বলেন, মাদক সমাজের একটি মারাত্মক ব্যাধি। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।





মন্তব্য