বিএসপি ডেস্ক রিপোর্ট >>> সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।আদালত সূত্রে জানা যায়, এদিন হাসানুল হক ইনুকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে তাকে আদালতে হাজির করা হয়। অপরদিকে রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে গ্রেপ্তার দেখানো হয় এবং তিন আসামির পক্ষ থেকে আইনজীবীরা জামিনের আবেদন করেন। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।এর আগে গত ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে এ মানহানির মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে।মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ বলে মন্তব্য করেন।


মন্তব্য