মোঃ সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি>>> আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন Promoting Gender Responsive Enterprise Development and TVET Systems (ProGRESS) Project-এর আওতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে বান্দরবান জেলা পর্যটন উন্নয়ন কমিটির কার্যক্রম জোরদারকরণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক থানজামা লুসাই, চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং সভাপতি, জেলা পর্যটন উন্নয়ন কমিটি, বান্দরবান।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু সেলিম মাহমুদ-উল হাসান, পরিচালক (যুগ্ম সচিব), বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাবেদ আহমেদ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড; ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী, সিভিল সার্জন, বান্দরবান পার্বত্য জেলা; মোহাম্মদ নজরুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব), বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সদস্য সচিব, জেলা পর্যটন উন্নয়ন কমিটি, বান্দরবান; এবং জনাব আলেক্সিয়াস চিসিম, অফিস প্রধান, আইএলও বাংলাদেশ, চট্টগ্রাম অফিস।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ ম্যা ম্যা নু, খামলাই ম্রো, লালজারলম বম, নাংফ্রা খুমী ও মোহাম্মদ নাছির উদ্দিন; উত্তম প্রসাদ পাঠক, পিপিএম, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, সিএইচটি রিজিওন; মুহাম্মদ আবুল মনসুর, নির্বাহী কর্মকর্তা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ; মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বান্দরবান সদর; জনাব মহিবুল ইসলাম, উপপরিচালক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড; এবং এস. এম. হাসান শাহরিয়ার, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান।সভায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব বান্দরবানের সভাপতি, হোটেল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পর্যটন উন্নয়ন কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক ৬ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দে জেলা পর্যটন উন্নয়ন কমিটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর এই প্রথমবারের মতো কমিটির কার্যক্রম জোরদারকরণে এ ধরনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো।সভায় জেলা পর্যটনের টেকসই উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় সম্পৃক্ততা, নারী ও যুব উদ্যোক্তা উন্নয়ন এবং পর্যটন খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভায় গৃহীত সিদ্ধান্ত ও প্রস্তাবনাসমূহ: ১. বান্দরবান জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা নিয়মিত করার লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর সভা আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এসব সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা হবে।২. প্রজ্ঞাপিত জেলা পর্যটন উন্নয়ন কমিটিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।৩. জেলা পর্যটন উন্নয়ন কমিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে।৪. জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভাসমূহের কার্যবিবরণী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রকাশ করা হবে।সভা শেষে অংশগ্রহণকারীরা বান্দরবান জেলার বিপুল পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


মন্তব্য