কাজী মাহমুদুল হাসান,নাটোর >>> নাটোরে জেলা বিএনপির সদস্য শিল্পপতি আবুল কাশেম সমর্থিত গ্রুপের মিছিল বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সমর্থকদের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে। তবে এ ঘটনাকে দলীয় কর্মসূচি নয় বলে দাবি করেছেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার জনসাধারণের ব্যানারে আবুল কাশেম গ্রুপ একটি মিছিল বের করার চেষ্টা করলে দুলু সমর্থকরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কাশেম গ্রুপের ব্যানার ও ফেস্টুন কেড়ে নেওয়া হয়।জানা গেছে, জেলা বিএনপির সদস্য আবুল কাশেম সমর্থকরা বিকেলে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দুলু সমর্থিত নেতা-কর্মীরা তাদের ব্যানার ফেস্টুন ছিনিয়ে নিয়ে হামলা চালায় এবং মিছিল ভেঙে দেয়।এ বিষয়ে জেলা সাইবার কমিটির সেক্রেটারি গুলমেরাজ হ্যামলেট অভিযোগ করে বলেন, আবুল কাশেম সমর্থকরা শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু দুলুর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে তা ভণ্ডুল করে দেয়।অন্যদিকে দুলু সমর্থিত নেতা-কর্মীরা মিছিল-পরবর্তী সমাবেশে বলেন, নাটোরের জনপ্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কেউ চক্রান্ত করলে তা প্রতিরোধ করা হবে।এ দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন দৈনিক জনকন্ঠকে বলেন, বিএনপি নামধারী কিছু দুষ্কৃতিকারী দলের ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছিল। সাধারণ নেতাকর্মীরা তার প্রতিরোধ করেছে মাত্র। তিনি দাবি করেন, নাটোরের বিএনপিতে কোনও গ্রুপিং নেই।জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ দৈনিক জনকণ্ঠকে বলেন, এটি দলীয় কোনও কর্মসূচি নয়। ব্যক্তিগতভাবে কেউ কর্মসূচি করলে সে ব্যাপারে জেলা বিএনপি অবগত নয়।


মন্তব্য