আব্দুল্লাহ আল মারুফ।। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর উদ্যোগে উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এ আয়োজন করা হয়। সভা শেষে বিভিন্ন সংগঠনের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং আরিফুল হক কাইছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, তারুণ্যের সমস্যার গভীরতা যারা বুঝতে পারবে না, তারা কখনো সমস্যার সঠিক সমাধান করতে পারবে না।” সামাজিক সংগঠনগুলোকে একটি ‘পার্লামেন্ট’ হিসেবে উল্লেখ করে তিনি ঘোষণা করেন যে, প্রতি তিন মাস পর পর এই প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করা হবে, যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্পিকার হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি। সাতকানিয়ার সার্বিক উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, আগামী কিছুদিন ধৈর্য ধরলে এলাকার দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন সাধারণ মানুষ। এছাড়া আগামী বছরের মধ্যে সাতকানিয়া কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, তরুণ প্রজন্ম নিজেদের নিয়ন্ত্রণ করতে পারলে একটি উজ্জ্বল জীবন গঠন করা সম্ভব। স্বেচ্ছাসেবীদের কাজের প্রশংসার পাশাপাশি তিনি আশ্বস্ত করেন যে, প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়মতান্ত্রিক উপায়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
সভায় বক্তারা বলেন, করোনা মহামারীর কঠিন সময়ে যখন অনেকে দূরে সরে গিয়েছিল, তখন একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠনগুলোই মানুষের পাশে দাঁড়িয়েছিল। বর্তমান সময়ে মাদক, জুলুম ও ইভটিজিং মুক্ত একটি আদর্শ সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অমিত কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আমান উল্লাহ আমানসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।
সভা শেষে সাতকানিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


মন্তব্য