আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী সীমান্তবর্তী এলাকার একটি ইটভাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেল তিনটার দিকে ২ নম্বর সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি গ্রামস্থ ‘মেসার্স চৌধুরী ব্রিক ফিল্ডে’ এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জাহেদা আক্তার (১৪) ও তার ছোট ভাই আব্দুল মালেক (৩)। তারা ওই এলাকার লটমনি গ্রামের মোঃ হাসানের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ ব্রিকফিল্ডের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা দুই শিশু দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে জানতে ব্রিকফিল্ডের মালিক শাহ আলম কোম্পানির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাতকানিয়া থানার তদন্ত ওসি মোঃ সুদীপ্ত রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একই পরিবারের দুই সন্তানের এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


মন্তব্য