সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বেইত জিন শহরে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন। কাতার এই ধরনের হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল যেভাবে বারবার আঞ্চলিক দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং বর্তমান পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলার একটি বিপজ্জনক প্রচেষ্টা। এ ধরনের বেপরোয়া আচরণ পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে বলে দোহা সতর্ক করেছে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে কাতার এই ধরনের হামলা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। অপরাধীদের জবাবদিহিতার আওতায় না আনলে আঞ্চলিক নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটির সরকার ও জনগণের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে কাতার। পাশাপাশি হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে দোহা।
সূত্র: গালফ বাংলা


মন্তব্য