আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ২০১৯ সালের পর এটিই শি জিনপিংয়ের প্রথম ভারত সফর। যদিও এটি কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর নয়, তবুও এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক মহল। এবারের সফরে শি জিনপিংয়ের সঙ্গে অন্তত ৪০০ সদস্যের একটি বিশাল প্রতিনিধিদল থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা ২০১৯ সালের সফরে আসা ২০০ সদস্যের প্রতিনিধিদলের তুলনায় দ্বিগুণ।
বিশ্লেষকদের মতে, ব্রিকস সম্মেলনের সাইডলাইনে ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন এবং ২০২০ সালের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ-পরবর্তী অচলাবস্থা নিরসনই হবে বেইজিং ও নয়াদিল্লির প্রধান অগ্রাধিকার। এরই মধ্যে উভয় দেশের কূটনৈতিক ও নিরাপত্তা প্রোটোকল দলগুলো হোটেল নির্ধারণ ও নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। সম্প্রতি ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বেইজিং সফর করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি ও পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ কীভাবে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ সামলে অর্থনৈতিক ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখে, এখন সেদিকেই সবার নজর।
সূত্র: ডেইলি বাংলাদেশ


মন্তব্য