চকরিয়া সংবাদদাতা >>> কক্সবাজারের চকরিয়ায় নারী পাচারকারী চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম তানজিমা তাবাচ্ছুম শিমা। তিনি উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের বনকর্মী জামাল উদ্দিনের কন্যা বলে জানা গেছে। গত বুধবার রাতে কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউস এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে অপহৃত ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া সাহারবিল এলাকার প্রবাসী শাহ আলমের কন্যা ও স্থানীয় একটি মাদরাসার ছাত্রী জান্নাতুল নাঈম (১৩) গত কয়েকদিন আগে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকরিয়া পৌরসভা এলাকায় ব্লাজার পরিহিত এক তরুণীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে, যে স্কুল-মাদরাসার ছাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সখ্যতা গড়ে তোলে।নিখোঁজ ছাত্রীর পরিবারের সন্দেহ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তানজিমা তাবাচ্ছুম শিমার অবস্থান শনাক্ত করে। কক্সবাজারের কলাতলী লাইট হাউস এলাকায় শিমার ভাড়া বাসায় আকস্মিক অভিযান চালায় প্রশাসন। সেখান থেকে অপহৃত জান্নাতুল নাঈমকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাসার ভেতরে থাকা দুই রাখাইন নারী সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।তদন্ত সংশ্লিষ্টরা জানান, শিমা মূলত একটি সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের সদস্য। তার কাজের ধরন ছিল কিছুটা ভিন্ন: তিনি দামী পোশাক (ব্লাজার) পরে পরিপাটি হয়ে চকরিয়া পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ঘোরাঘুরি করতেন।অপ্রাপ্তবয়স্কা স্কুল ও মাদরাসাছাত্রীদের টার্গেট করে বিদেশে পাঠানো বা ভালো কাজের প্রলোভন দেখিয়ে সখ্যতা গড়তেন।সুযোগ বুঝে তাদের অপহরণ করে পাচারকারী চক্রের হাতে তুলে দিতেন।পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ছাত্রীকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত শিমার বিরুদ্ধে অপহরণ ও পাচার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের সাথে আর কারা জড়িত এবং পালিয়ে যাওয়া রাখাইন নারীদের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।আপনার সন্তান স্কুল বা মাদরাসায় যাওয়ার সময় কোনো অপরিচিত ব্যক্তির সাথে মেলামেশা করছে কি না, সেদিকে কড়া নজর রাখুন। চকচকে পোশাক বা প্রলোভনে পড়ে যেন কেউ নিখোঁজ না হয়, সে বিষয়ে সচেতনতা জরুরি।


মন্তব্য