সরওয়ার কামাল কক্সবাজার।। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ধ্বস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন মুক্তি কক্সবাজার। ২৭ জুলাই সকাল ১১ টায় জরুরী মানবিক সহায়তা হিসেবে মুক্তি কক্সবাজারের নিজস্ব তহবিল থেকে ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা বিতরণ করা হয়। এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর-বাড়ি মেরামত করতে সহায়ক ভূমিকা পালন করবে।মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকারের সভাপতিত্বে উখিয়ার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ এবং মুক্তি কক্সবাজারের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। উপজেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের সময়োপযোগী মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি মুক্তি কক্সবাজারের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আশা করি ভবিষ্যতেও প্রশাসন ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে।মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার বলেন যে, মুক্তি কক্সবাজার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের পুনরুদ্ধার, সহনশীলতা বৃদ্ধি এবং আশার আলো জ্বালিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার জেলার অন্যান্য ক্ষতিগ্রস্ত উপজেলাতেও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।এই উদ্যোগে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় নিশ্চিত করা হয়, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত, স্বচ্ছতা ও মর্যাদার সঙ্গে মানবিক সহায়তা পেতে পারে।


মন্তব্য