সরওয়ার কামাল কক্সবাজার
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ড মোকাবিলা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বীপের বিভিন্ন পর্যটনকেন্দ্রিক হোটেল ও স্থাপনায় এ মহড়া এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি যাচাই, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে এ মহড়ার আয়োজন করা হয়।মহড়ায় বিভিন্ন হোটেল ও রিসোর্টের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডের কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, সেন্টমার্টিনের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





মন্তব্য