আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।।
আগামী চার মাসের মধ্যে সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তরের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি।আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ইয়ুথ স্পোর্টস একাডেমি আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুব ম্যারাথন প্রতিযোগিতা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী বলেন,শিশু, কিশোর ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল, কিশোর গ্যাং কালচার ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের যুব ম্যারাথন প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে সুপথে রাখতে এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।তিনি তরুণদের উদ্দেশ্যে আরও বলেন, আসুন, নেতিবাচক পথ পরিহার করে আমরা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে রক্ষা করি এবং একটি সমৃদ্ধ ও সুস্থ-সুন্দর সমাজ গড়ে তুলি। খেলাধুলার সার্বিক প্রসারে এলাকার ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা হবে।এর আগে সকালে সাতকানিয়া মডেল হাই স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব ম্যারাথন প্রতিযোগিতাটি শুরু হয়। প্রতিযোগিতাটি এলাকার ৩ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুনরায় মডেল হাই স্কুল মাঠে এসে শেষ হয়। এতে স্থানীয় তরুণ ও যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।অধ্যক্ষ হামিদ উদ্দিন আযাদের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: ইয়ুথ স্পোর্টস একাডেমির উপদেষ্টা জনাব শাহ আলম,প্যাভিলিয়াস প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জনাব আরমান মহসিন,যুব নেতা আরিফুল হক কাইসার,যুব নেতা শাহরিয়ার আহমেদ ইমনসহ একাডেমির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে ম্যারাথনে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।





মন্তব্য