- নিজস্ব প্রতিবেদক (কুড়িগ্রাম):
একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম- পরিবারে আনন্দের বদলে এখন দেখা দিয়েছে দুশ্চিন্তা। অসুস্থ মা ও তিন নবজাতকের চিকিৎসা, ওষুধ ও খাবারের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কল্পনা বেগমের পরিবার। অসহায় এই পরিবারটি এখন সরকারি সহায়তাসহ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করছে।
গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কল্পনা বেগমের তিন পুত্রসন্তান জন্ম নেয়। তাদের নাম রাখা হয়েছে হাসান, হোসাইন ও বেল্লাল। জন্মের সময় হাসানের ওজন ছিল ২ কেজি এবং হোসাইন ও বেল্লালের ওজন ছিল ১ কেজি ৯০০ গ্রাম করে।তিন সন্তান জন্মের পর থেকেই শারীরিকভাবে অসুস্থ কল্পনা বেগম। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর চিকিৎসায় প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ টাকার ওষুধ প্রয়োজন হচ্ছে। অন্যদিকে তিন নবজাতকের জন্য প্রতিদিন দুই প্যাকেট ফর্মুলা দুধ কিনতে খরচ হচ্ছে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা। এর মধ্যে সিজারের কাটা স্থানে ইনফেকশন দেখা দেওয়ায় চিকিৎসা ব্যয় আরও বেড়েছে।কল্পনা বেগমের স্বামী জায়দুল বাকপ্রতিবন্ধী। তিনি আন্ধারিঝাড় বাজারের একটি হোটেলে কাজ করেন। সংসারে অভাব থাকায় সন্তান জন্মের পর কল্পনা বর্তমানে তাঁর মা-বাবার বাড়িতে অবস্থান করছেন।কল্পনা বেগম বলেন, ‘একসঙ্গে তিন সন্তান হওয়ায় আমি অনেক খুশি। কিন্তু তাদের চিকিৎসা ও খাবারের খরচ চালাতে পারছি না। বিভিন্ন মানুষের সহযোগিতায় এখন পর্যন্ত কোনোভাবে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করছি। প্রতিদিন তো মানুষ সহযোগিতা করবে না। সরকারি বা অন্য কোনো সহযোগিতা পেলে সন্তানদের নিয়ে একটু ভালোভাবে চলতে পারব।’কল্পনার মা-বাবা জানান, তাঁরা গরিব ও অসহায়। একসঙ্গে তিন নবজাতকের খাবার ও মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছেন তাঁরা।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথের কাছে সহযোগিতার আবেদন করা হলে তিনি ব্যক্তিগতভাবে ৩ হাজার টাকা সহায়তা করেছেন।তিন নবজাতক ও অসুস্থ মায়ের জন্য সরকারিভাবে কী ধরনের সহায়তার ব্যবস্থা করা হবে, এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনও অমৃত দেবনাথের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এদিকে অসহায় মা ও তিন নবজাতকের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে পরিবারটি।
সহায়তার জন্য যোগাযোগ:
কল্পনার মা- ০১৭৩০৫১৭৬৫৩
কল্পনার বাবা আবুল কালাম- ০১৭৯৫৪৯৭৫৯৮


মন্তব্য