- আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম””
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ববিরোধের জেরে মো. হামিম (১৯) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রোহান উদ্দিন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত হামিম সাতকানিয়া উপজেলার ছদহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজল নগর গ্রামের ফরিদুল আলমের ছেলে। অন্যদিকে গ্রেপ্তার রোহান উদ্দিন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ কাজীরখীল এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হামিম ও অভিযুক্ত রোহানের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। ঘটনার রাতে কেরানীহাট সিটি সেন্টার এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রোহান ক্ষিপ্ত হয়ে হামিমকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিক তদন্তে কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে।তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত রোহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য