নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে মোহনা টেলিভিশনের প্রতিনিধি কামরুল ইসলামকে (৩২) মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিদের একজন মো. মাসুদকে (৩২) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তবে মামলার বাকি চার আসামিকে এখনো গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। অবিলম্বে বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে মীরসরাই উপজেলার করেরহাট এলাকা থেকে মো. মাসুদকে গ্রেফতার করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিমের নেতৃত্বে এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই মতিউর রহমানের পরিচালনায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার মাসুদ জোরারগঞ্জ থানার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা ফরেস্ট অফিস এলাকার দুলাল উদ্দিনের ছেলে এবং এই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে এবং সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শনিবার দিনভর প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধন থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলার বাকি চার আসামিকে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা অভিযোগ করেন, স্পর্শকাতর এই মামলায় পুলিশ মাত্র একজনকে গ্রেফতার করেই দায় সারার চেষ্টা করছে। অথচ বাকি আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব আসামিকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। অন্যথায় দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
উল্লেখ্য, সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় থানায় মামলা নম্বর- ০৪(০৯)২০২৬ দায়ের করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।


মন্তব্য