সাদেকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক, রংপুর।রংপুরের তারাগঞ্জে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে হাঁসের বাচ্চা বিতরণ এবং আধুনিক লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) রংপুর-২ অঞ্চলের উদ্যোগে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় একঝাঁক গ্রামীণ নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। একই সাথে হাঁস পালনে সফলতার জন্য অংশগ্রহণকারীদের আধুনিক,তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
আয়োজক কর্মকর্তারা জানান, গ্রামীণ অর্থনীতিতে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং গ্রামীণ পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে হাঁস পালন একটি অত্যন্ত লাভজনক ও টেকসই মাধ্যম হতে পারে। সঠিক নিয়মে হাঁস পালন করে গ্রামীণ নারীরা সহজেই নিজেদের ভাগ্যবদল করতে পারেন।হাঁস পালন শুধু পারিবারিক পুষ্টির চাহিদাই মেটাবে না, বরং ডিম ও হাঁস বিক্রির মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে এটি একটি টেকসই হাতিয়ার হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ
উক্ত অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) রংপুর-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাফিজার রহমান, তারাগঞ্জ এলাকার এলাকা ব্যবস্থাপক ওয়াসিম আকরাম এবং ব্র্যাকের রংপুর জেলা সমন্বয়কারী (বিডিসি) গোলাম মোস্তফা সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণ পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই ধরনের উন্নয়নমূলক ও স্বাবলম্বী করার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


মন্তব্য