নিজস্ব প্রতিবেদক, বগুড়া।। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত এবং বর্তমান মজুদ পরিস্থিতি যাচাই করতে বগুড়া শহরের ৫টি বড় ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন।মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্পগুলোকে তেল বিক্রিতে কোনো ধরনের কারচুপি না করতে এবং মজুদ থাকা সাপেক্ষে সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টের ৫টি স্টেশনে জ্বালানি তেলের মান ও পরিমাপ পরীক্ষা করেন। প্রতিষ্ঠানগুলো হলো: স্টেশন রোড এলাকা: মেসার্স হক এন্ড কোং। মেসার্স এসবি সিএনজি রিফুয়েলিং স্টেশন ও মেসার্স বগুড়া ফিলিং স্টেশন।নওদাপাড়া: টিএমএসএস সিএনজি রিফুয়েলিং এন্ড গ্যাসোলিন স্টেশন।তিনমাথা মোড়: মেসার্স নর্থ বেংগল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন।আদালত সূত্রে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকে তেলের মজুদ পরীক্ষা করা হয়। পরিদর্শন শেষে পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলা হয়, মজুদ থাকা পর্যন্ত কোনোভাবেই তেল বিক্রি বন্ধ রাখা যাবে না এবং প্রতি লিটারে সঠিক পরিমাপ নিশ্চিত করতে হবে।অভিযান চলাকালে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে এক আরোহীকে আটক করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী তাকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।বিএসটিআইয়ের পক্ষ থেকে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহ আলম পলাশ খান, ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।জনস্বার্থে ও জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের তদারকি ও বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।


মন্তব্য