আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম
বর্তমান যুগে নারীদের কেবল সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং তাদের ধর্মীয় ও নৈতিক জ্ঞান অর্জন করতে হবে। কারণ একজন সুশিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন নারীই একটি পরিবারকে সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।সংসদ সদস্য বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকাংশ নারী। তাই তাদের সুশিক্ষিত, সচেতন ও নৈতিকভাবে সমৃদ্ধ করা ব্যতিরেকে একটি উন্নত ও আদর্শ সমাজ গঠন অসম্ভব। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোয় আলোকিত হলে তার ইতিবাচক প্রভাব পরিবার থেকে শুরু করে পুরো সমাজে ছড়িয়ে পড়ে।তিনি আরও উল্লেখ করেন, দেশের নারীরা আজ শিক্ষা, কর্মসংস্থান ও পেশাগত বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। তাদের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। একজন আদর্শবান মা তার সন্তানদেরও সঠিক নৈতিকতার পরিবেশে বড় করে তোলেন।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ আহমদের সভাপতিত্বে এবং সরকারি অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক জাফর সাদেক, গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ হারুন অর রশিদ এবং মোহাম্মদ জাকারিয়া।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজজীবন হলো ভবিষ্যৎ জীবন গঠনের মোক্ষম সময়। তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধকে ধারণ করে নিজেদের যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


মন্তব্য