মোঃ সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে গুরুতর অসুস্থ এক নারীকে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।২০ জুন ২০২৬ইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, রোয়াংছড়ির একটি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে বসবাসকারী ৭৪ বছর বয়সী রামকিল বম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। দুর্গম ভৌগোলিক অবস্থান ও দ্রুত চিকিৎসা সুবিধার অভাবে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সেনাবাহিনী জরুরি ভিত্তিতে একটি হেলিকপ্টার পাঠায়। পরে ওই নারীকে নিরাপদে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়।বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সেনাবাহিনীর এই মানবিক সহায়তায় রোগীর পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করে সেনাবাহিনী পার্বত্য এলাকার মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করছে।পাহাড়ি জনপদের মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে দুর্গম এলাকায় চিকিৎসা ও জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ঘটনাও তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।


মন্তব্য