আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>>
চট্রগ্রাম বাঁশখালী জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন নাপোড়া এলাকার জঙ্গল টহল দেওয়ার সময় বন্যহাতির আক্রমণে নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস (৫৬) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাতির শুঁড়ের আঘাতে ঘাড়ে, পেটে ও কোমরে আঘাত মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
তিনি জানান, নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস অন্যান্য বনকর্মীদের সাথে নিয়ে বনে টহল দিচ্ছিলেন। এ সময় তিনি নেপালের ঘোনা হাতির ডেরা এলাকায় বন্যহাতির সামনে পড়ে যান। ক্ষিপ্ত হাতিটি শুঁড় দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। হাতির আক্রমণে তিনি ঘাড়ে, পেটে ও কোমরে মারাত্মক আঘাত পান।
আহত অঞ্জন কান্তি বিশ্বাসকে তাঁর সহকর্মীরা দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ রাজিব বিশ্বাস জানান, হাতির আক্রমণে আহত একজন বন বিট কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছিল। আঘাত গুরুতর ও তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস রাঙ্গুনিয়া রাজানগর এলাকার ৩ নং ওয়ার্ডের শশাঙ্ক বিমল বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নাপোড়া বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বন্যপ্রাণী অভয়ারণ্যে বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও বন্যপ্রাণী-মানুষ সংঘাত নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।











মন্তব্য