তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের কপ-৩১ জলবায়ু সম্মেলনে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। সম্মেলনে প্রস্তাবিত মূল খসড়া চুক্তিটি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বৃটেন এবং উন্নয়নশীল বিশ্বের বেশ কিছু দেশ। দুই সপ্তাহ ধরে চলা তীব্র দর-কষাকষির পর খসড়াটিতে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না রাখায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়, যা শেষ পর্যন্ত সমঝোতা ভেস্তে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু এ নথিতে সবার সম্মতি নেই, তাই মূল সিদ্ধান্তটি গৃহীত হয়নি।
শুক্রবার সম্মেলন শেষ হওয়ার নির্ধারিত সময় থাকলেও আলোচনা গড়ায় রোববার বিকেল পর্যন্ত। সম্মেলনের যৌথ সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ‘আনতালিয়া প্যাক্ট’ নামের খসড়াটি পেশ করা হয়েছিল। তবে আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ডারা ও’ব্রায়েন ইইউর প্রতিনিধিত্ব করে স্পষ্ট জানিয়ে দেন, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির কথা উল্লেখ না থাকায় এই চুক্তি সময়ের প্রয়োজন মেটাতে অক্ষম। তার আপত্তির পর পানামা, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়েও একই অবস্থান গ্রহণ করে। বিজ্ঞানসম্মত নয় এবং জীবাশ্ম জ্বালানিকে এড়িয়ে চলে এমন কোনো সিদ্ধান্ত ইইউ মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
প্রস্তাবিত আনতালিয়া প্যাক্টে অর্থনীতির বিদ্যুতায়ন, দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা এবং বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য ছিল। কিন্তু ১৩০টির বেশি দেশের দাবি উপেক্ষা করে এতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। উল্টো ‘কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ’ (সিসিএস) নামক বিতর্কিত প্রযুক্তির ধারা যুক্ত করা হয়, যাকে পরিবেশবাদীরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত করার কৌশল হিসেবে দেখছেন।
সম্মেলনের সভাপতি ও তুরস্কের মন্ত্রী মুরাত কুরুম ঐকমত্য না হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো দেশের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। তবে পুরো সম্মেলন ব্যর্থ হওয়া থেকে বাঁচাতে উচ্চ-কার্বন শিল্পে কর্মরত শ্রমিকদের নিম্ন-কার্বন অর্থনীতিতে রূপান্তরের মতো কিছু আনুষঙ্গিক বিষয়ে ঐকমত্য হয়েছে। যদিও খসড়ায় সিসিএস প্রযুক্তি অন্তর্ভুক্তির পক্ষে সরব ছিল সৌদি আরব। এছাড়া আফ্রিকা গ্রুপ, চীন ও পাকিস্তান চুক্তির কিছু বিষয়ে ভিন্নমত পোষণ করলেও এর বিরোধিতা করেনি।
সূত্র: মানবজমিন





মন্তব্য