যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা ১৮ বছর বয়সি নাথান থমাস বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম যুক্ত করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, ২০২৩ সালের আগস্ট মাসে মাত্র ১৮ বছর ৩৪৬ দিন বয়সে তিনি ফ্লোরিডার ‘মিয়ামি ডেড কলেজ’-এ শিক্ষক হিসেবে যোগ দেন।
নাথানের শিক্ষাজীবন অত্যন্ত বিস্ময়কর। মাত্র ১০ বছর বয়সে ‘ডুয়াল-এনরোলমেন্ট’ প্রোগ্রামের মাধ্যমে তিনি কলেজে ভর্তি হন এবং ১৪ বছর বয়সে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেন। এরপর মাত্র ১৮ বছর বয়সেই তিনি তড়িৎ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ ৩০৬ বছর ধরে পুরুষদের মধ্যে সর্বকনিষ্ঠ অধ্যাপক হওয়ার রেকর্ডটি ছিল স্কটিশ গণিতবিদ কলিন ম্যাকলরিনের দখলে, যিনি ১৭১৭ সালে ১৯ বছর বয়সে এই মর্যাদা পেয়েছিলেন। এছাড়া নারী-পুরুষ নির্বিশেষে সর্বকনিষ্ঠ অধ্যাপক হওয়ার রেকর্ডধারী আলিয়া সাবুরের চেয়ে নাথান ১৬ দিন ছোট। আলিয়া ২০০৮ সালে ১৮ বছর ৩৬২ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন।
বর্তমানে নাথান মিয়ামি বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব ল’-তে ‘জুরিস ডক্টর’ ডিগ্রির জন্য পড়াশোনা করছেন এবং একই সঙ্গে অনলাইনে পাঠদান করছেন। ২০২৮ সালে তার আইন বিষয়ক ডিগ্রি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ভবিষ্যতে তিনি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত খাতের ওপর ভিত্তি করে মেধা স্বত্ব আইন নিয়ে কাজ করতে আগ্রহী।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সঙ্গে আলাপকালে নাথান জানান, প্রকৌশল বিদ্যা তাকে জটিল সমস্যাগুলোকে ছোট ও সুসংগঠিত অংশে ভাগ করে সমাধান করতে শিখিয়েছে। আইনশাস্ত্রের জটিল বিষয়গুলো বুঝতেও তিনি একই পদ্ধতি প্রয়োগ করছেন বলে জানিয়েছেন এই তরুণ অধ্যাপক।
সূত্র: যুগান্তর


মন্তব্য