বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে আমিরের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে।
এই অভিনন্দন বার্তায় কাতারের আমির নবনির্বাচিত রাষ্ট্রপতির ব্যক্তিগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন। পাশাপাশি, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী এবং সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বার্তায় কাতার ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আমির আশা প্রকাশ করেন যে, দুই দেশের সার্বিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে। সম্প্রতি জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। কাতার ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করে দোহার পক্ষ থেকে দুই দেশের যৌথ উন্নয়ন ও অগ্রযাত্রায় একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
সূত্র: গালফ বাংলা


মন্তব্য