আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম মহানগরী ও জঙ্গল সলিমপুর এলাকার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’। দীর্ঘদিনের পলাতক এই অস্ত্রধারী সন্ত্রাসীকে অবশেষে গ্রেফতার করেছে র্যাব-৭। গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন (৩৭) নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনির আব্দুল করিমের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, সে কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ-এর প্রধান সহযোগী এবং বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে মাঠ পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত। হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানা অভিযোগে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিল সে।র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাদ্দাম সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।সিডিএমএস (CDMS) পর্যালোচনার বরাত দিয়ে র্যাব জানায়, সাদ্দামের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো,পাঁচলাইশ ও চকবাজার থানা: হত্যা ও হত্যাচেষ্টা।বায়েজিদ বোস্তামি ও আকবর শাহ থানা: অস্ত্রবাজি, ভূমি দখল ও নাশকতা।ডাবল মুরিং ও সীতাকুণ্ড থানা: ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাই।স্থানীয়দের অভিযোগ, জঙ্গল সলিমপুরসহ সংলগ্ন এলাকায় সাদ্দাম ও তার বাহিনীর অস্ত্র প্রদর্শনী এবং ত্রাস সৃষ্টির কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ছিল। তার গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য