ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার এবং আশিফ শাহরিয়ার রাজিব।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের উদ্যোগে উত্তর ইতালির শিল্পোন্নত শহর মানতোভায় গতকাল ৩১ ডিসেম্বর দিনব্যাপী কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে। এখানে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি প্রবাসী স্বতঃস্ফূর্তভাবে এ সেবা গ্রহণ করেছেন। গত এক দশকে মিলান কনসুলেট চালু হবার পর এই প্রথমবারের মতো মানতোভায় ভ্রাম্যমাণ কনসস্যুলার সেবা প্রদান করায় সেবাগ্রহিতারা তাদের বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করেন। সেবাগ্রহিতারা তাদের দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন কনস্যুলার সংক্রান্ত কার্যক্রমের সুরাহা করেন।সেবা প্রদানের পাশাপাশি ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উপলক্ষে ক্যাম্প প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। দিনটি উপলক্ষে প্রবাসীদের উদ্দেশ্যে নিবেদিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে প্রবাসের মাটিতে অগ্রণী ভূমিকা পালনের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা প্রবাসীদের অবদানের স্বীকৃতি স্বরূপ একটি বিশেষ দিন ঘোষণা করায় প্রবাসীবান্ধব বর্তমান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাপনী বক্তব্যে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে ইতালির মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য প্রবাসী সকল উদ্যোক্তা ও সফল কর্মী ও পেশাজীবীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন যে, বর্তমান সরকার কর্তৃক প্রবর্তিত প্রবাস পেনশন স্কিম একটি যুগোপযোগী পদক্ষেপ। তিনি এ কর্মসূচিতে যুক্ত হবার জন্য সকল প্রবাসীকে আহ্বান জানান। তিনি বাংলাদেশে অর্থ প্রেরণের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাংকিং চ্যানেল ব্যবহার করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করেন। পরিশেষে, প্রবাসীদের দাবির মুখে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, প্রয়োজনের নিরিখে ভবিষ্যতে দ্রুততম সময়ে মানতোভা সহ উত্তর ইতালির বিভিন্ন শহরগুলোতে ভ্রাম্যমাণ সেবা প্রদান করা হবে।


মন্তব্য