সৌদি আরবের ভূখণ্ডে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে রিয়াদ জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, যা আঞ্চলিক স্থিতিশীলতা, নৌ চলাচলের নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরবের মতে, হুথিদের এই উসকানিমূলক কর্মকাণ্ড ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার চলমান আন্তর্জাতিক প্রচেষ্টাকেও ব্যাহত করছে।
নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুমতি ছাড়া গত ৩ জুলাই সানা আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ১৩ জুলাই হোদেইদা বিমানবন্দরে বিমান অবতরণের ঘটনাকেও কঠোরভাবে নিন্দা জানানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করছে সংস্থাটি।
এ সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজুলেশন ২২১৬-এর কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। এই রেজুলেশন অনুযায়ী, ইয়েমেন-সংক্রান্ত নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি বা গোষ্ঠীর কাছে যেকোনো ধরনের অস্ত্র, সামরিক সরঞ্জাম বা সহায়তা সরবরাহ, বিক্রি ও হস্তান্তর নিষিদ্ধ। উল্লেখ্য, এই নিষেধাজ্ঞার তালিকায় হুথিরাও অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা বজায় রাখতে সদস্য রাষ্ট্রগুলোকে এই বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
সূত্র: যুগান্তর


মন্তব্য