উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা প্রশমন এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে কাতার। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, জর্ডানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে পৃথকভাবে টেলিফোনে আলাপ করেছেন।
আলোচনাকালে শেখ মোহাম্মদ উপসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখার সব ধরনের প্রচেষ্টার প্রতি কাতারের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক উত্তেজনা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে নেতাদের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সব পক্ষকে সংঘাত এড়িয়ে সংলাপ ও কূটনীতির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা।
বৈঠকে গত ২০ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাবলি মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। ইরান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিরসনে কাতারের এই কূটনৈতিক উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা


মন্তব্য