সাদেকুল ইসলাম,বিশেষ প্রতিবেদক, কিশোরগঞ্জ, নীলফামারী:
আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক ও ধাতব পণ্যের ভিড়ে যখন হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প, ঠিক তখনই নিপুণ কারুকাজ আর শৈল্পিক দক্ষতায় এই শিল্পকে সগৌরবে বাঁচিয়ে রেখেছে নীলফামারী জেলার সৈয়দপুরের চওড়া কুমারপাড়ার কারিগররা। নরম কাদামাটিতে হাতের জাদুকরী স্পর্শে তৈরি হওয়া এখানকার দৃষ্টিনন্দন ও টেকসই তৈজসপত্র এখন ছড়িয়ে পড়ছে দেশের আনাচে-কানাচে।সরেজমিনে চওড়া কুমারপাড়ায় গিয়ে দেখা যায়, পাড়ার প্রায় প্রতিটি বাড়ির আঙিনাতেই চলছে মাটির জিনিস তৈরির ব্যস্ততা। কেউ কাদামাটি ছেনে উপযোগী করছেন, কেউবা চাকা ঘুরিয়ে তৈরি করছেন হাঁড়ি, পাতিল, কলস, সানকি, দইয়ের ভাঁড়, ফুলের টব ও মাটির ব্যাংকসহ দৈনন্দিন কাজে ব্যবহৃত নান্দনিক সব তৈজসপত্র। এরপর সেগুলোতে ফুটিয়ে তোলা হচ্ছে অসাধারণ সব কারুকাজ। রোদে শুকানোর পর আগুনে পুড়িয়ে রঙ-তুলির আঁচড়ে সেগুলোকে বিক্রির উপযোগী করে তোলা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, চওড়া কুমারপাড়ায় প্রায় ১১০ থেকে ১২০টি পরিবারের বসবাস। বংশপরম্পরায় চলে আসা এই মৃৎশিল্পই এখানকার প্রতিটি পরিবারের আয়ের প্রধান উৎস। পরিবারের পুরুষদের পাশাপাশি নারী ও গৃহিণীরাও সমানতালে মাটির জিনিস তৈরি ও নকশা করার কাজে অংশ নেন।কারিগররা জানান, এখানকার মাটির তৈরি পণ্যের গুণগত মান ও কারুকাজ ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা সরাসরি চওড়া কুমারপাড়ায় এসে পণ্য সংগ্রহ করেন। এখান থেকেই ট্রাক ও বিভিন্ন পরিবহনে করে এসব তৈজসপত্র পৌঁছে যাচ্ছে দেশের নানা জেলা ও শহরের হাট-বাজারে।তবে ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে কিছুটা চ্যালেঞ্জের মুখেও পড়তে হচ্ছে কারিগরদের। ভালো মানের এঁটেল মাটি ও জ্বালানি কাঠের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ আগের চেয়ে অনেকটাই বেড়েছে। তবুও বাপ-দাদার আদি পেশা আর মাটির প্রতি ভালোবাসা থেকেই নিরলস কাজ করে যাচ্ছেন চওড়া কুমারপাড়ার এই নিভৃতচারী শিল্পীরা।সংশ্লিষ্টদের মতে, সরকারি বা বেসরকারি পর্যায় থেকে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের আরও ভালো সুবিধা পেলে চওড়া কুমারপাড়ার এই মৃৎশিল্প দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে।