আবদুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় স্টেশনে প্রবেশের পথে ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি যাত্রীশূন্য বগিতে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের অদূরে এ নাশকতার চেষ্টা চালানো হয়। তবে রেলওয়ের কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্মে আনা হচ্ছিল। পথিমধ্যে কদমতলী এলাকা অতিক্রম করার সময় অন্ধকারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা চলন্ত ট্রেনের একটি বগির জানালা দিয়ে ভেতরে দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে বগিটির দুটি আসনে আগুন ধরে যায়। ওই সময় বগিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, বগিতে আগুন জ্বলতে দেখেই রেলওয়ের নিজস্ব কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন বগির অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি।এদিকে, ট্রেনে অগ্নিসংযোগের খবর পেয়ে রেলওয়ে পুলিশের (জিআরপি) একটি দল দ্রুত স্টেশনে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে, আগুন নেভানো ও প্রাথমিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পর ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। রাত পৌনে ১২টার দিকে ঢাকাগামী ওই মেইল ট্রেনটি নির্ধারিত সময়েই চট্টগ্রাম স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।