নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীতে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি গোপাল হালদার রাহুলকে মারধর, হত্যাচেষ্টা এবং টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে ঘটনার নেপথ্যে পুরোনো একটি সংবাদের জের এবং অন্য একটি বিতর্কিত অভিযোগের যোগসূত্র নিয়ে জেলার নানা মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভুক্তভোগী সাংবাদিকের বড় ভাই সুমন চন্দ্র হালদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় এ এজাহার দায়ের করেন। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী শহরের বড় চৌরাস্তায় ফুট ওভারব্রিজের নিচে পশ্চিম পাশে বিসমিল্লাহ স্টোরের সামনে গোপালের ওপর হামলার ঘটনা ঘটে। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন কিমিরাজ ইমতিয়াজ (২৮), আবু রাইয়ান শাকের (২৫), মারুফ হাসান (২৩), আসাদুল্লাহ হাসান মুসা (২২), তানজিল ইসলাম (২৬) ও রুশদা ইসলাম রিপা (১৭)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এজাহার বিশ্লেষণে দেখা যায়, গোপাল হালদার রাহুল পটুয়াখালী জেলায় কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কাজ করছেন। গত ৬ আগস্ট কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে আসামি মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হওয়ার ক্ষেত্রে ভুয়া নথি ব্যবহারের অভিযোগে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্র ও এজাহারের দাবি অনুযায়ী, ওই প্রতিবেদনের পর থেকেই মিরাজ গোপালের ওপর ক্ষুব্ধ ছিলেন এবং নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এজাহারে আরও বলা হয়েছে, পুরোনো ওই বিরোধের রেশ এবং আসামি রুশদা ইসলাম রিপার একটি অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগকে ঘিরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে গোপালকে ঘিরে ধরেন ও এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে মিরাজ তাঁর হাতে থাকা নানচাকু দিয়ে গোপালের মাথায় আঘাত করতে গেলে তিনি সরে যান। এতে আঘাতটি তাঁর বাঁ পায়ের পাতায় লেগে হাড় ভেঙে যায়।অভিযোগে বলা হয়েছে, হামলার সময় আবু রাইয়ান শাকের গোপালের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন এবং নাকে ঘুষি মারেন, এতে তাঁর নাকের হাড় ভেঙে যায়। পাশাপাশি মারুফ হাসান ও তানজিল ইসলাম হত্যার উদ্দেশ্যে তাঁর মাথা লক্ষ্য করে কিল-ঘুষি মারেন। এ সময় গোপালের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।এজাহারে দাবি করা হয়েছে, মারধরের একপর্যায়ে মিরাজ গোপালের প্যান্টের ডান পকেটে থাকা প্রায় ৫৭ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং গ্যালাক্সি এস২১ ফাইভজি স্মার্টফোন নিয়ে যান। এ ছাড়া আবু রাইয়ান তাঁর কাছে থাকা ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে গোপালকে উদ্ধার করলে আসামিরা খুন ও জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। বাদী সুমন চন্দ্র হালদার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।