আবদুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল চালুর তিন বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি এর গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক প্রকল্প। দীর্ঘসূত্রতা ও ধীরগতির কাজের কারণে দক্ষিণ চট্টগ্রামের লক্ষাধিক মানুষকে প্রতিনিয়ত তীব্র যানজট ও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রকল্পের বাকি কাজ শেষ করতে নতুন করে আরও ৬ মাস সময় এবং প্রায় ৫৭ কোটি টাকা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, টানেলকেন্দ্রিক যোগাযোগব্যবস্থায় গতি আনতে শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারার কালাবিবির দীঘি পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। এই সড়কটি পূর্ণাঙ্গভাবে চালু হলে কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, পেকুয়া ও কক্সবাজারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হওয়ার কথা।২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪০৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প’ অনুমোদন পায়। ওই বছরের ১ জানুয়ারি শুরু হওয়া কাজটি ২০২২ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।সর্বশেষ সেই সময়সীমার মধ্যেও কাজ শেষ হওয়ার সম্ভাবনা না থাকায় নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জুন মাস। এর পাশাপাশি গত ১২ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রকল্পের একটি প্যাকেজের চুক্তিমূল্য ৫৬ কোটি ৯০ লাখ ৭ হাজার ৩১৫ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে মূল ২৬৬ কোটি ১৪ লাখ টাকার চুক্তিমূল্য ২১ দশমিক ৩৭৯ শতাংশ বেড়ে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকায় দাঁড়িয়েছে।প্রকল্পের নকশা অনুযায়ী, মূল চার লেন সড়কের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন, বাঁধ প্রশস্তকরণ ও সড়ক বিভাজকে বৃক্ষরোপণের কথা রয়েছে। তবে মাঠপর্যায়ে কাজের ধীরগতির কারণে সুফলের বদলে ভোগান্তিই নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে কাজ চললেও সড়কের বড় একটি অংশ এখনো অসম্পূর্ণ। বিশেষ করে কর্ণফুলীর ফকিরনীর হাট, শাহমীরপুর, ফাজিলখার হাট, মিয়ার হাট, বড়উঠান ডাকপাড়া এবং চাতরী চৌমুহনী এলাকায় খোঁড়াখুঁড়ি ও ধীরগতির কাজের কারণে প্রতিদিন দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।প্রকল্পের সর্বশেষ অগ্রগতি ও সময় বৃদ্ধির বিষয়ে সওজ চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, শিকলবাহা থেকে আনোয়ারা পর্যন্ত সড়ক সম্প্রসারণ প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে। প্রকল্পটি শতভাগ সম্পন্ন করতে নতুন করে ছয় মাস সময় ও প্রায় ৫৭ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী ২০২৭ সালের জুনের মধ্যেই সড়কটি পুরোপুরি ব্যবহারের উপযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।