নিজস্ব প্রতিবেদক, ভৈরব:
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভৈরব শাখার উদ্যোগে ‘আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা–২০২৬’-এর উদ্বোধন ও প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।‘সড়ক দুর্ঘটনার জন্য চালকের অসচেতনতার চেয়ে দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাই বেশি দায়ী’—এই সময়োপযোগী বিষয়ের ওপর ভৈরব, কুলিয়ারচর ও বাজিতপুর উপজেলার ৮টি কলেজের বিতার্কিকরা প্রথম পর্বে যুক্তিতর্কে অংশ নেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কে, এম, মামুনুর রশীদ। বিতর্কের প্রথম পর্বে সভাপতিত্ব করেন তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিতর্ক কমিটির উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন সুজন।প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ বিতর্ক ফেডারেশনের পরিচালক হাবিবুল্লাহ রনি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল্লাহ ফাহাদ ও নির্বাহী সদস্য তাহসিন আল রাজী। বিতর্ক কমিটির আহ্বায়ক প্রভাষক ইমরান হোসাইন ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে সময় নিয়ন্ত্রণে ছিলেন বিতর্ক কমিটির সদস্য সচিব রাকিব হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন কার্যকরী সদস্য তাসলিমা খাতুন লিছা।প্রথম পর্বের প্রাণবন্ত যুক্তিতর্ক শেষে অংশগ্রহণকারী আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। সেমিফাইনাল নিশ্চিত করা দলগুলো হলো— ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রফিকুল ইসলাম মহিলা কলেজ (ভৈরব), বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ এবং ভৈরব সরকারি মহিলা কলেজ।অন্যদিকে, প্রথম পর্বে অংশগ্রহণকারী অপর চারটি প্রতিষ্ঠান— সরকারি হাজী আসমত কলেজ, কুলিয়ারচর সরকারি কলেজ, শিমুলকান্দি ডিগ্রী কলেজ এবং ইসলামপুর (কালীপুর) এম আই ফাজিল মাদ্রাসা (ভৈরব)-এর বিতার্কিকদের হাতে বিজিত দল হিসেবে নিসচার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, যুক্তি উপস্থাপন ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে উৎসাহিত করতেই প্রতিবছরের মতো এবারও নিসচা ভৈরব শাখা এ প্রতিযোগিতার আয়োজন করেছে। সূচি অনুযায়ী, আগামী শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় প্রতিযোগিতার সেমিফাইনাল এবং নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে।