দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকাসহ সাতটি জেলায় মোট ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে বিশেষ পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এছাড়া সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন সদস্য বর্তমানে দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে বিজিবি সদস্যরা কাজ করছেন।
বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শিল্পাঞ্চলসহ স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সক্রিয় রয়েছেন। মাঠপর্যায়ের প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের একটি মনিটরিং সেল কাজ করছে, যা প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রেখেছে। আধুনিক ড্রোন প্রযুক্তি, বডি-ওর্ন ক্যামেরা এবং সরাসরি ভিডিও ফিড বিশ্লেষণের মাধ্যমে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা নিশ্চিত করতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: দৈনিক এদিন