মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় রিং রোডে বুধবার সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। জ্বালানিবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যাওয়ার পর পেট্রোলিয়ামজাত পণ্য ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা মুহূর্তের মধ্যে আশপাশের ব্যক্তিগত গাড়ি, মিনিবাস ও ট্যাক্সিসহ অন্তত ২০টি যানবাহনে ছড়িয়ে পড়ে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী কায়রোর পাশে গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
ইমবাবা এলাকার ওয়াররাক মহল্লায় টেনথ টানেলের ওপরের অংশে দুর্ঘটনার পরপরই গিজা প্রদেশের জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দমকল বাহিনীর কর্মীরা দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তা আরও ছড়িয়ে পড়া থেকে রক্ষা করেন। অগ্নিকাণ্ডের কারণে রিং রোডের ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা পরে ট্রাফিক বিভাগ বিকল্প পথে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।
দুর্ঘটনার খবর পেয়ে মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে পার্শ্ববর্তী হাসপাতালগুলোকে জরুরি সেবার প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান এবং হতাহতদের হাসপাতালে স্থানান্তরের কাজে কয়েক ডজন অ্যাম্বুলেন্স অংশ নেয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসাসেবা নিয়মিত পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে জরুরি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রকৃত কারণ অনুসন্ধানে সরকারি কর্মকর্তারা কাজ করছেন, তবে এই ঘটনায় কায়রোর গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সূত্র: যুগান্তর